বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৩। এ উপলক্ষ্যে উপ-হাইকমিশনের চেন্সারি ভবনে প্রীতি-সম্মিলনী ও বাংলাদেশি ঐতিহ্যবাহী হস্তশিল্প ও জামদানী শাড়ির প্রদর্শন এবং বাঙালি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রধান অতিথি হিসেবে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে উপ-হাইকমিশনার আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বাগত বক্তব্যে তিনি বাংলা নববর্ষ উদযাপনকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের একীভূত হওয়ার সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী শাহজাহান খান বর্ষবরণ অনু্ষ্ঠান আয়োজন করার জন্য উপ-হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপনের এ অনুষ্ঠান শুধু সম্মিলনীই নয়, বরং তা বাংলা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের যে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, বিদেশের মাটিতে তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।IMG0
বর্ষবরণের এ অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মহারাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান, ওয়েস্টার্ন নেভাল কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতাসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এখন মুম্বাইয়ে অনুষ্ঠানরত ‘মেরিটাইম ইন্ডিয়ান সামিট-২০১৬’ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে সেখানে সফর করছেন।
