নরসিংদীর পলাশে বৈশাখী মেলা থেকে বাসায় ফেরার পথে সন্তানের সামনে জহিরুল (৩২) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত জহিরুল গালিমপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে।
জানা যায়, বাড়ির পাশে ভিরিন্দা গ্রামের মেলা থেকে দুই ছেলেসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
