কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপির সাবেক এক সদস্য ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামের বজলুর রহমান ওরফে বজু মেম্বার ওই কিশোরীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে। পরে তাকে পাশের গোয়ালঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায়।
শুক্রবার ভোরে সংজ্ঞাহীন অবস্থায় পরিবারের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ধর্ষিতার বাবা বলেন, ‘বজু প্রভাবশালী মেম্বার। সে আমার মেয়েকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। তার অবস্থা বর্তমানে আশংকাজনক।’
অভিযুক্ত বজলুর রহমান ওরফে বজু মেম্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলফোনটি বন্ধ রয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিকুর রহমান আতিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
