ত্রিশালে দুর্বৃত্তের গুলিতে শিশু আহত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৯:৫৫
 
ময়মনসিংহের ত্রিশালে দুর্বৃত্তের গুলিতে পাঁচ বছর বয়সী এক শিশু আহত হয়েছে।  তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোক্ষপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্যবসায়ী হায়দার আলীর বাড়ীতে সন্ত্রাসীরা হানা দেয়। তারা ঘরের জানালা ভেঙে হায়দার আলীকে হত্যার উদ্দেশে গুলি করে। পাশের রুমে থাকায় প্রাণে রক্ষা পান হায়দার আলী। এ সময় সন্ত্রাসীরা তাকে না পেয়ে জানালার পাশে ঘুমন্ত ৫ বছরের কন্যা শিশু ইকরাকে গুলি করে। পরে হায়দার আলীর আর্তচিত্কারে এলাকাবাসী  ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ইকরাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে হাসপাতালের ২৬ নং ওয়ার্েড শিশু সার্জারী বিভাগে ভর্তি আছে।
 
হায়দার আলী জানান, আমাকে মারতে এসে না পেয়ে মেয়েকে গুলি করেছে। সবগুলো গুলি পায়ে লাগার কারণে সে বেঁচে গেছে।
 

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই শামীম আহমেদ জানান, পাইপগান বা দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হতে পারে। বিষয়টি নিয়ে মামলা হবে।