যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীলংকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীগণ রকমারি পোশাক পরে সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল সন্ধ্যায় আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও সমবেত সংগীত, কবিতা আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাক প্রদর্শনী স্থান লাভ করে।
হাইকমিশনার তারিক আহসান স্বাগত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'বৈশাখের উত্তাপ আর ঝড়-ঝঞ্ঝা পুরোনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার শক্তির প্রতীক। বাঙালির নতুন বছরে জীবনকে আরো সুন্দর করে গড়ে তোলার সংকল্প গ্রহণে এটিই উপযুক্ত সময়।'
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্তাকর্ষক আঙ্গিকে উপস্থাপিত হয় ঐতিহ্যবাহী ও খাঁটি বাংলাদেশী রান্নায় নৈশভোজ। এ খাবার পরিবেশিত হয় বাংলা সংগীতের আবহে আর বাংলাদেশী হস্তশিল্প সামগ্রী দ্বারা সজ্জিত পরিবেশে।
