রামগড়ে অটো রিকসার উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে মহিলা নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ০০:৩৯
রামগড়ে নাতীর খৎনার দাওয়াতে আসার পথে চলন্ত অটো রিকসার উপর গাছ ভেঙ্গে পড়ে আনজুমান আরা বেগম(৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রামগড় করেরহাট সড়কের বাগানবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আনজুমান আরা বেগম ফেনীর কসকা এলাকার মো: রফিকুল ইসলামের স্ত্রী।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,  শুক্রবার ফেনী থেকে  ভাতিঝির ছেলের খৎনার অনুষ্ঠানে যোগ দিতে সিএনজি চালিত অটো রিকসায় করে আনজুমান আরা তাঁর চার বছরের ছেলে ও দুই ভাগিনাকে সঙ্গে নিয়ে  রামগড়ে আসছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রামগড়ের নিকটবর্তী বাগানবাজার নামক স্থানে পৌঁছুলে আকস্মিকভাবে একটি বড় গাছের ডাল ভেঙ্গে পড়ে  তাদের চলন্ত অটো রিকসাটির ওপর। এতে আনজুমান আরা বেগম গুরুতর আহত হন।
 
দুর্ঘটনার পর পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি মারা যান। নিহতের ভাতিঝির জামাতা রামগড় পৌরসভার উত্তর গর্জনতলীর বাসিন্দা মিজানুর রহমান বলেন, তার ছেলের খৎনার অনুষ্ঠানে আসার পথেই চাচী শাশুড়ি আনজুমান আরা নিহত হয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় অটো রিকসায় থাকা তার চার বছরের পুত্র ও দুই ভাগিনা অক্ষত ছিলো।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দিন খান বলেন, দুর্ঘটনাস্থল পার্শ্ববর্তী ভুজপুর থানা এলাকায় হওয়ায় এ খবরটি তাঁরা পাননি।