ইউপি চেয়ারম্যানের সংবধর্না অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২২:৪৭
যশোরের মণিরামপুরে মশ্মিমনগর ইউপি চেয়ারম্যানের সংবধর্না অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মণিরামপুর উপজেলার তালসারি গ্রামের মোস্তফার ছেলে।
 
মণিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ক্যাম্প ইনচার্জ (আইসি) আইনুদ্দিন জানান, শুক্রবার রাতে নোয়ালী বড় মসজিদ এলাকায় মশ্মিমনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টার দিকে রাজু আহমেদ অনুষ্ঠানস্থলে যান। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হলে সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জেনেছি রাজু আহমেদের শরীরে আঘাতের চিহ্নি নেই। এ ঘটনায় মামলা হয়নি। আটকও নেই।