রবিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১১:৪২
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল রবিবার আদালতে যাচ্ছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে তিনি বিশেষ আদালতে হাজির হবেন।
 
চেয়ারপারসনের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল আত্মপক্ষ সমর্থন করতে বেগম খালেদা জিয়া ঢাকার বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতে হাজিরা দিবেন।
 
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে রবিবার মামলার আত্মপক্ষের সমর্থন ও যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। এর আগে ৭ এপ্রিল মামলার দুই আসামি বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বি আইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষের সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন। সেদিন বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।