সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তল্লাশি, ওজন ও পণ্য পরীক্ষার নামে বিজিবি কর্তৃক আমদানি রফতানি কাজে বাধা সৃষ্টির প্রতিবাদে বন্দর ব্যবহারকারীরা দ্বিতীয় দিনের মত চার ঘন্টার কর্মবিরতি পালন করেছে।
শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে এ কর্মবিরতি বেলা ১২ টা পর্যন্ত চলে। এর আগে মঙ্গলবার তারা তিন ঘণ্টার কর্মবিরতি পালন করে।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, তল্লাশি, ওজন ও পণ্য পরিক্ষার নামে ব্যবসায়ীদের হয়রানি করে বিজিবি অহেতুক বন্দরে আমদানি রফতানি কাজে বাধা সৃষ্টি করছে। বিজিবির কর্মকাণ্ড বাংলাদেশ শুল্ক আইনের পরিপন্থি বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, ৭ এপ্রিল বিজিবি ৬২৯ বস্তা ভারতীয় পান আটক করেন। এই পানের বিপরীতে ব্যবসায়ীরা যথাযথ শুল্ক প্রদান করেছেন বলে তারা দাবি করেন। বিজিবি পরে এই পান থানায় জমা দিয়ে চার ব্যবসায়ী ও দুই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান ও শুল্ক ফাঁকির মামলা করেন। এর প্রতিবাদে ভোমরা স্থল বন্দরে সিএন্ডএফ অ্যাসোসিয়েশন রবিবার সংবাদ সম্মেলন করে তারা চারদিনের কর্মসূচির ঘোষণা করেন।
