নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে নববর্ষ উদযাপন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১২:৪৩
 
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। 
 
ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। আবহমান বাংলার মানুষের জীবন ও জীবিকা, আচার অনুষ্ঠানের সাথে বাংলা নববর্ষের নিবিড় যোগসূত্রের কথা উল্লেখ করে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বর্ষবরণের এই বাঙালি সংস্কৃতি ও চেতনার আলোয় উজ্জীবিত হয়ে নতুন দিনের বাংলাদেশ গড়তে এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান। সভাপতির ভাষণে রাষ্ট্রদূত বলেন যে ষাটের দশকে বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবোধের সূচনা হয় যা পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণতা লাভ করে। 
 
IMG0
 
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইকমিশনের সদস্যবৃন্দ সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ এসো এসো” গানটি পরিবেশন করেন। এরপর দিল্লিস্থ বাঙালি শিল্পীদের সমন্বয়ে গঠিত আহাং শিল্পী গোষ্ঠীর গান, কবিতা, নাচ ও সূরের মূর্ছনায় পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সমবেত সকলের প্রশংসা অর্জন করে।-প্রেসবিজ্ঞপ্তি।