চট্টগ্রামে ৬ হাজার কেজি জাটকা জব্দ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৩:৩৮
 
চট্টগ্রামের পশ্চিম পটিয়া কর্ণফুলী নদীর ইছানগর এলাকা থেকে ছয় হাজার কেজি জাটকা ইলিশসহ নৌকার এক মাঝিকে আটক করেছে কোস্টগার্ড।
 
শুক্রবার ভোর থেকে দিনভর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈর নেতৃত্বে কোস্ট গার্ড অভিযান চালিয়ে এই জাটকা আটক করে।
 
আটকৃত মাঝির নাম মোঃ সাদ্দাম (২৫)। তিনি কর্ণফুলী থানাধীন খোঁয়াজনগর এলাকার মোঃ শাহজাহানের ছেলে। জব্দকৃত জাটকা ইলিশ পটিয়া পৌর সদর হ উপজেলার প্রায় শতাধিক এতিমখানা ও মাদ্রাসায় বন্টন করে দেয়া হয়।   
 
জানা গেছে, চলতি মৌসুমে জাটকা ইলিশ ধরা বন্ধ থাকলেও বিশাল একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাটকা বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার ভোরে উপজেলার ইছানগর এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করে। যার আনুমিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
 
জাটকাবহনকারী নৌকার মাঝি মোঃ সাদ্দাম বলেন, কর্ণফুলী নদীতে ‘রিটাং ওয়ান’ নামের একটি জাহাজে করে গত বৃহস্পতিবার রাতে জাটকাগুলো আনা হয়। চট্টগ্রাম নগরীর বাংলা বাজার ঘাট থেকে ফিশারীঘাট নেয়ার কথা ছিল। তবে মালিকের নাম জানা নেই।
 
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ হলেও একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী থেকে জাটকা ধরে দেশের বিভিন্নস্থানে বাজারজাত করে আসছিল।