আইপিএলের ফাইনাল ব্যাঙ্গালুরুতে?

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৪:১১
ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল এর ভেন্যু পরিবর্তনের একটি আভাস পাওয়া গেছে। অতিরিক্ত খরার কারণে ইতোমধ্যেই মুম্বাই হাই কোর্ট আগামী ৩০ এপ্রিলের পরে মহারাষ্ট্র থেকে সবগুলো আইপিএল এর ম্যাচ অন্যত্র সরিয়ে নেবার ব্যাপারে রুল জারী করেছে। 
 
এর ফলে মুম্বাই নয় বরং এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ব্যাঙ্গালুরুতে। একইসাথে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুটি পুনে থেকে সরিয়ে কলকাতায় অনুষ্ঠানের ইঙ্গিত পাওয়া গেছে।  দিল্লীতে মুম্বাই ইন্ডিয়ানস ও রাইজিং পুনে সুপারজায়ান্টস এর কর্মকর্তাদের সাথে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ লিগ গভর্নিং কাউন্সিলের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পরেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। 
 
শুক্লা অবশ্য জানিয়েছেন সুপারজায়ান্টস ইতোমধ্যেই পুনের বিকল্প হিসেবে ভিশাকাপত্তমের নাম তালিকায় দিয়েছে। যদিও তাদের পক্ষ থেকে ১ মে’র ম্যাচটি পুনেতেই আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ এত অল্প সময়ের মধ্যে তাদের পক্ষে নতুন একটি ভেন্যুতে সবকিছু আয়োজন সম্ভব নয়। রোববার মুম্বাই তাদের বিকল্প ভেন্যুর ব্যাপারে বিস্তারিত জানাবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে জয়পুর, রায়পুর কানপুরের নাম শোনা যাচ্ছে।