খুলনা মহানরগরীতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে অর্থ আদায়কালে এসএম নাফিউল হক শাফিন নামে এক প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত শাফিন রাজশাহীর বোয়ালমারী এলাকার মো. মোস্তাক গাউসুল হকের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সার্কিট হাউস এলাকায় এক দোকানীর কাছে পাওনা টাকা আদায় করার জন্য শাফিন নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে তার কাছে ফোর্স চান। ঊর্ধ্বতন অফিসার ফোর্স চাওয়ায় ওসি তাকে সহায়তার জন্য এসআই মাহাবুবকে সঙ্গীয় ফোর্সসহ শাফিনের কাছে পাঠান। ফোর্স নিয়ে শাফিন ওই দোকানীর কাছে গিয়ে অশ্লীল ভাষায় গালি দিতে শুরু করেন। এতে বিষয়টি মাহাবুবের কাছে সন্দেহজনক মনে হলে তিনি ওসিকে অবহিত করেন। ওসি নিজে ঘটনাস্থলে গিয়ে শাফিনের কাছে তার পরিচয়পত্র দেখতে চান। শাফিন তাকে একটি পরিচয়পত্র দেখিয়ে বলেন, তিনি বর্তমানে ঢাকার উত্তরা জোনে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি ঢাকায় যোগাযোগ করেন। ঢাকার উত্তরা জোনে শাফিন নামে কোন এএসপি নেই জানালে তাকে থানায় নিয়ে আসা হয়। রাত আড়াইটার দিকে শাফিনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
