রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।'
ঐতিহাসিক 'মুজিবনগর দিবস' উপলক্ষে এক বাণীতে তিনি আরো বলেন, 'এ লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রাসহ সার্বিক উন্নয়ন অপরিহার্য।' মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসী এবং প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি তার বানীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও, তিনি মুজিবনগর সরকার পরিচালনায় নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এ. এইচ. এম কামারুজ্জামানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, মুক্তিযুদ্ধের সমর্থক-সংগঠকসহ সর্বস্তরের জনগণ যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য অবদান রেখেছেন তাদেরকেও সশ্রদ্ধচিত্তে স্মরণ বলেন, 'মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ২৬ মার্চ ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন।'
