'দখলদারী, দুর্নীতি, নির্যাতনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে'

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২২:১৯
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'রাজনীতির নামে সকল প্রকার দখলদারী, দুর্নীতি, নির্যাতনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।'
 
মন্ত্রী শনিবার তোপখানা রোডের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে শহীদ রাসেল মঞ্চে অনুষ্ঠিত বাংলাদেশ যুব মৈত্রীর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
সংগঠনের সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফজলু প্রমুখ।
 
আলোচনা সভায় তিনি বলেন, 'আজ মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা প্রশ্নের সন্মুখীন। ব্লগারদের খুঁজে দেখা হচ্ছে, তারা ধর্মের বিরুদ্ধে কিছু লিখছে কিনা। মুক্ত চিন্তার নামে অন্যের ধর্মের উপর আঘাত করা ঠিক নয়।'