যমজ বা তিনটে নয়, একসঙ্গে ছয় সন্তান প্রসব করলেন এক নারী। আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েই চমকে উঠেছিলেন ডাক্তারেরা। সেখানে তারা দেখেন, গর্ভে একসঙ্গে ছয়টি সন্তান রয়েছে। ওই নারীর শারীরিক অবস্থা নিয়েও চিন্তা হয়েছিল চিকিৎসকদের। তবে খোশ মেজাজেই ছিলেন তিনি। পরে একসঙ্গে ছয়টি সন্তান পেয়ে এখন তিনি অনেক খুশি। ছয় সন্তানের গর্বিত মায়ের ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও করেছে ওম্যান’স হাসপাতাল। সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।
যুক্তরাষ্ট্র টেক্সাসের বাসিন্দা এই নারীর নাম থেলমা চাইকা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪.৫০মিনিট থেকে ৪.৫৯ মিনিটের মধ্যে সন্তান প্রসব করেন তিনি। মাত্র ৯ মিনিটে জন্ম দেন দুই জোড়া যমজ ছেলে ও এক জোড়া যমজ মেয়ের। সদ্যোজাতরা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরো পড়ুন: ‘বাবাকে ভালো হওয়ার সুযোগ দিন স্যার’ যৌনপল্লীতে বাবার হাতে বিক্রি হওয়া মেয়ের আকুতি!
টেক্সাসের ওম্যান’স হাসপাতালে এখন বিশেষ যত্নে রাখা হয়েছে থেলমাকে। খবর পেয়েই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন সাংবাদিকরা। কৌতুহলী মানুষের ভিড়ও কম নয়। তাই সংবাদমাধ্যমের ক্যামেরা বাঁচিয়ে সর্বক্ষণ তাকে নজরে নজরে রাখছেন ডাক্তার ও নার্সেরা। ছয় সন্তানকে নিয়ে ডাক্তারদের আনন্দও কিছু কম নয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, একসঙ্গে তিন বা চার সন্তান পর্যন্ত জন্ম দেওয়ার ঘটনা ঘটে। তবে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। হিসাব করে দেখলে দেখা যাবে ৪৭০ কোটিতে হয়তো একটা ঘটে। জিনগত কারণের জন্য এমনটা ঘটতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। এতগুলো সন্তান নিয়ে পূর্ণ গর্ভাবস্থা কাটানোটাও যথেষ্টই কঠিন। তবে থেলমা পেরেছেন। দুই মেয়ের নাম রেখেছেন জিনা এবং জুরিয়েল। ছেলেদের নাম যদিও এখনও ঠিক হয়নি। বাছাই পর্ব চলছে।
ইত্তেফাক/বিএএফ
