সুন্দরবনে ইকো গাইড তৈরি করা হচ্ছে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২২:৩৫
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনে দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ইকো গাইড হিসেবে সুন্দরবন অঞ্চলের যুবকদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে।
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বাসসকে বলেন, 'আমরা সুন্দরবন সংলগ্ন এলাকার অনেক শিক্ষিত এবং উৎসাহী যুবককে ইকো গাইড হিসেবে তৈরি করছি, যাতে তারা দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করার মাধ্যমে এই বনের অনন্য বৈশিষ্ট্য ও বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারে।'
 
সুন্দরবনের জন্য ইকো-ট্যুরিজমের অনুশীলন আবশ্যক বিষয়। সুন্দরবনে দিন দিন দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে, কিন্তু এখানে ইকো ট্যুরিস্ট গাইড এবং পেশাদার ট্যুর অপারেটররের অভাব রয়েছে।
 
এই লক্ষে সুন্দরবনের বৃহত্তম ট্যুর অপারেটর বেঙ্গল ট্যুরস লিমিটেডের সহযোগিতায় বিটিবি গত সপ্তাহে সুন্দরবনের জন্য চারজন মহিলাসহ ২০জন স্থানীয় যুবক-যুবতীকে নিয়ে ১০ দিনের এক বুনিয়াদি ইকো গাইড প্রশিক্ষণ শুরু করেছে।