কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা রহস্য উদ্ঘাটন বা ঘাতকদের শনাক্ত করা কিংবা দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই এ মামলার। তবে হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্তকারী সংস্থা সিআইডি শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় পিকনিকে যাওয়া তনুর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। গত ২৭ দিনেও মামলার রহস্য উদ্ঘাটন না হওয়ায় ও আসামি চিহ্নিত বা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তনুর বাবা-মা ও স্বজনরা। এদিকে নিখোঁজের ১৬ দিন পর তনুর ছোট ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগ তার বাবা-মার কাছে ফিরে এলেও সে অনেকটা নির্বাক এবং খুব অসুস্থ।
কুমিল্লার সিআইডি কার্যালয়ে মুখ খুলতে চান না কেউ, সবকিছুই যেন চাপা রেখে এগোচ্ছে সিআইডি। তনুর বাবা ইয়ার হোসেন শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ‘রহস্য এখনো উদ্ঘাটন হয়নি, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।’
তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে গঠিত মেডিক্যাল বোর্ডের আহ্বায়ক ও কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামাদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি। সকল কাগজপত্র আসার পর বোর্ডের ৩ সদস্য মিলে প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। তবে কবে নাগাদ এ প্রতিবেদন দেয়া হতে পারে তা নিশ্চিত করে বলা যাবে না।’
