জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সকাল ৯ টা ৫৫ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু ওই দিন আদালতে হাজির হননি তিনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
