রংপুরের কাউনিয়ায় পুলিশের পিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বলছে মৃগী রোগে মারা গেছে ওই যুবক। নিহত যুবকের নাম আজিজুল ইসলাম (২৬)।
এদিকে আজিজুলকে হত্যার প্রতিবাদে এলাকার লোকজন রাতে হারাগাছ অস্থায়ী পুলিশ ক্যাম্প ঘিরে ফেললে পুলিশ তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৩০ জন আহত হয়।
এ ঘটনার পর সংঘর্ষ এড়াতে উপজেলার হারাগাছে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজিজুল হারাগাছ পৌরসভার হক বাজার এলাকার আনিছের ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে বাসস্ট্যান্ডের পাশে একটি মুদি দোকানের সামনে বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় হারাগাছ অস্থায়ী পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল হঠাৎ এসে তাকে মারতে শুরু করে। এতে আজিজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী পুলিশের পিটুনিতে মৃত্যুর খবর অস্বীকার করে বলেন, মৃগী রোগে তার মৃত্যু হয়েছে।
