ফেনীতে এক মাদরাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে মাদারাসার শিক্ষক মোশারফ হোসেন পলাতক রয়েছেন। শিশুটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার দুপুরে শহরের মধ্যম চাড়িপুর মিছবাহুল কোরআন ওয়াস ছুন্নাহ মাদরাসায় এ ঘটনা ঘটে। মার্চের শেষ সপ্তাহে ১২ বছর বয়সী ওই ছাত্রকে ওই মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করানো হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, শনিবার রাতে শিশুটিকে ফেনী সদর হাসপতালে ভর্তি করানোর পর তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
ফেনী সদর হাসপতালে চিকিৎসাধীন ওই ছাত্রের অভিযোগ, মোশারফ তাকে প্রথমে বেত ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পেটান। এতে দুই হাত, দুই পা, নিতম্ব, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে কালসিটে পড়ে যায়। এরপর তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারেন। পরে তাকে বাথরুমে আটকে রাখা হয়।
আরিফুলের বাবা সাংবাদিকদের জানান, কিছুদিন আগে তার দ্বিতীয় ছেলের জন্ম হলে মাদরাসায় পড়ুয়া বড় ছেলে ভাইকে দেখতে বাড়ি যাওয়ার জন্য ওই শিক্ষকের কাছে ছুটির অবেদন করে। তিনি ছুটি দিতে রাজি না হওয়ায় শুক্রবার দুপুরে সে মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষক মোশারফ তাকে ধরে ফেলে এবং আটকে নির্যাতন করে। খবর পেয়ে শনিবার দুপুরে মাদরাসায় গিয়ে ছেলেকে তিনি উদ্ধার করেন।
