বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে হত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:১৮
ফরিদপুরের সালথা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে শুকুর মাতুব্বর (৫৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের মৃত ইয়াসিন মাতুব্বরের ছেলে।
 
রবিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহতের পরিবারের অভিযোগ, মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শুকুর মাতুব্বরকে নির্মমভাবে হত্যার পর গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।    
 
নিহতের স্ত্রী কহিনুর বেগম বলেন, ‘আমার স্বামী শুকুর মাতুব্বরের সঙ্গে এলাকার কারো শত্রুতা ছিল না। শনিবার রাতে মসজিদ থেকে ইশার নামাজ পড়ে বাড়িতে আসেন। এরপর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি ঘর থেকে বের হন। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে বাড়ির পাশে মাঠিয়াদী নদীর পাড়ে একটি গাছের ডালের সঙ্গে হাত-পাঁ বাঁধা অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।’
 
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারণার জন্য দুর্বৃত্তরা শুকুরকে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’  
ওসি জানান, ঘটনায় কারা জড়িত তদন্ত সাপেক্ষে বলা যাবে।