একদলীয় শাসন কায়েমের ধারাবাহিকতায় শফিক রেহমানকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ(বিএসপিপি)আয়োজিত এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।
শফিক রেহমানকে গ্রেফতারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আমাদের জীবনের মায়া ত্যাগ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই দেশে সারা জীবন যে মানুষটি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন সেই শফিক রেহমানকে বর্তমান অবৈধ সরকার যে মিথ্যা অজুহাতে গ্রেফতার করেছে তা সত্যিই আমার কাছে অদ্ভুত লেগেছে। তিনি সারা জীবন গণতন্ত্রের পক্ষে লেখালেখি করেছেন। তার লেখায় কখনও সন্ত্রাসবাদের লেশ পাওয়া যায়নি।
দেশের হারানো গণতন্ত্র ফিরে পেতে বর্তমান অবৈধ সরকারের পতনের কোন বিকল্প পথ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই সরকার শুধু মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে আর সেটিকে তারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। গণতন্ত্রের মুখোশ পরে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের গভীর ষড়যন্ত্রে লিপ্ত আর সেই পথে তাদের এক মাত্র বাধা বেগম খালেদা জিয়া।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে নির্বাচনের নামে তামাশা চলছে। বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করছে। আর যারা ভোটে নির্বাচিত হচ্ছে তাদেরকে কারাগারে যেতে হচ্ছে। এভাবে দেশ বেশি দিন চলতে পারে না। কারণ এদেশের মানুষের রক্তে আছে ৭১-এর রক্ত।
বিএনপির এই নেতা বলেন, আমরা একটি হীরক রাজার দেশে বসবাস করছি। এই সরকার হীরক রাজার সরকার। দেশের জনগণ এদেরকে মানে না।এই জনগনই যখন রশি ধরে দিবে টান হীরক রাজার এই সরকার ভেঙ্গে হবে খান খান। আর সেটি শুধু সময়ের ব্যপার মাত্র।
