বিয়ে মানেই উৎসব। আত্মীয় ও বন্ধুদের মিলনমেলা। কিন্তু নিজের বিয়ের অনুষ্ঠানে পুলিশি ঝামেলা পোহাতে হচ্ছে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার।
দীর্ঘদিন প্রেমের পর বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে রাজকোটে বিয়ে হয় ২৭ বছর বয়সী অলরাউন্ডারের। কিন্তু অনুষ্ঠানটা তেতো হয়ে গেল উদ্যাপনের বাড়াবাড়িতে। বিয়ের বরযাত্রায় হইহুল্লোড় করতে গিয়ে জাদেজার আত্মীয়স্বজনেরা হাওয়ায় গুলি ছুড়েছিলেন। কিন্তু ব্যাপারটি বৈধ না হওয়ায় সেটা পুলিশের কাছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে লোধিকা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তদন্তও শুরু করেছে পুলিশ। থানার পিএসআই বলেছেন, ‘আমরা ফুটেজ পরীক্ষা করে দেখছি। গুলি যদি কোনো লাইসেন্স করা বন্দুক থেকেও ছোড়া হয়, সেটি শুধু আত্মরক্ষার স্বার্থে করা যাবে। অপরাধ প্রমাণিত হলে তিন বছরের সাজাও হতে পারে।’
তাই সাজার মুখোমুখি হতে পারেন জাদেজার যেকোনো বন্ধু বা আত্মীয়। তবে এর আগে ঝামেলায় পড়েছিলেন জাদেজা নিজেই। যে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, বন্দুকের আওয়াজে সেটি হঠাৎই হতভম্ব হয়ে লাফালাফি শুরু করে দেয়। ফলে ঘোড়া থেকে পড়ে যান তিনি।
