'গণমাধ্যম উস্কানি, মিথ্যাচার ও পীত সাংবাদিকতার জায়গা নয়'

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২১:৫১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'স্বাধীন ও মুক্ত গণমাধ্যমে উস্কানি, মিথ্যাচার, খন্ডিত তথ্য ও পীত সাংবাদিকতার কোনো জায়গা নেই। তাই, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন হয়নি। রিপোর্টে তথ্যের ঘাটতি রয়েছে। ফলে সঠিক চিত্র উঠে আসেনি।' 
 
তথ্যমন্ত্রী রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদেশীদের অপপ্রচার প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 
 
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে গণতন্ত্র প্রসঙ্গে দেয়া পর্যবেক্ষণ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশে সাংবিধানিক গণতান্ত্রিক শাসন চলছে। এখানে গণতন্ত্র সংকুচিত করার সুযোগ নেই। বাক, ব্যক্তি, সংবাদপত্র, দল গঠন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সাংবিধানিকভাবে সুসংরক্ষিত।'
 
সাংবাদিকতার জন্য নয়, অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য থাকায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নীতি কার্যকর করছে। সংবাদপত্রে ভিন্ন মত কাজ করার জন্য মাহমুদুর রহমান, শওকত মাহমুদ অথবা শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়নি।'
 
শফিক রেহমানের গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রী জানান, 'সুনির্দিষ্ট ও ভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। সেখানে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ আছে। তিনি নির্দোষ হলে সসম্মানে বেরিয়ে আসবেন। এটা সংবাদপত্র, গণমাধ্যম বা আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত নয়।'