কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের সমাধি ঘটাতে চায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্ক পুনরুদ্ধারের জন্য কিউবা সফর করেছেন। তিনি এ বিষয়ে কিউবার জনগণকে সতর্ক করে বলেন, এই বিপ্লবকে রক্ষা করতে হলে একদলীয় সমাজতন্ত্র দরকার।
শনিবার গত পাঁচ বছরে সমাজতান্ত্রিক পার্টির প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ওবামা কিউবার ওপর অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের বিষয়টি চাপিয়ে দিতে পারেন না। খবর এনডিটিভি-র। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেন, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেটা আগের চেয়ে বেশি। প্রেসিডেন্ট ওবামা কিউবার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ বিষয়ে বলেছেন, পর্যায়ক্রমে হবে।
এ বিষয়ে রাউল কাস্ত্রো বলেন, অর্থাৎ প্রেসিডেন্ট ওবামা কিউবায় একটি রাজনৈতিক পরিবর্তন আনতে চান। ১৯৫৯ সালে কাস্ত্রো ভ্রাতৃদ্বয় মার্কিনপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করেন। উল্লেখ্য, কাস্ত্রো এবং তার সহযোগীরা বয়সের কারণে কংগ্রেসে যুব নেতাদের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন।
তাদের অনেকের বয়স ৭০ এবং ৮০ বছর পেরিয়ে গেছে। যুব নেতারা অর্থনৈতিক সংস্কারেরও দাবি জানাচ্ছেন। কাস্ত্রো বলেন, সংস্কার হবে দ্রুত, তবে কিউবা পুঁজিবাদের দিকে ঝুঁকবে না। তিনি চীন এবং ভিয়েতনামকে মডেল হিসেবেও উল্লেখ করেন।
