ইংল্যান্ডে ফিরে গেলেন রোডস

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:০৭

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ড থেকে ক্রিকেটারদের সঙ্গেই ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ স্টিভ রোডস। কোচিং স্টাফের অন্য সদস্যরা নিজ নিজ দেশে ফিরে গেলেও মাহমুদউল্লাহ-মুশফিকদের সঙ্গেই ছিলেন রোডস। অবশ্য গতকাল রাতেই ছুটিতে ইংল্যান্ড ফিরে গেছেন তিনি। আগামী মাসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প শুরুর আগে ফিরবেন রোডস।

গতকাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন এই ইংলিশ কোচ। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে মিটিং করেছেন তিনি। প্রধান নির্বাচক জানিয়েছেন, মূলত নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের পারফরম্যান্স ও আসন্ন বিশ্বকাপ পরিকল্পনা নিয়েই আলোচনা হয়েছে তাদের।

জাতীয় দলের বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে আগামী ২২ এপ্রিল। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিনজাতি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে মাশরাফি বাহিনীর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড। তিন জাতি সিরিজ শেষে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।