জান-ই-আলম
ওয়াসিম জাফর। নামটা মনে করতেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসে মাশরাফি বিন মুর্তজার বলে ভারতীয় এ ব্যাটসম্যানের অফস্ট্যাম্প উড়ে যাওয়ার দৃশ্য। ২০০৭ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাশরাফির করা ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন রঞ্জি ট্রফির ইতিহাসে অন্যতম সেরা এ ব্যাটসম্যান।
মুম্বাইয়ে বেড়ে উঠা ওয়াসিম জাফর এখন বাংলাদেশে। আবাহনী ক্রীড়াচক্রের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে এসেছেন ৪১ বছর বয়সী এ ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে যার ব্যাটিং রেকর্ড সবার কাছেই ঈর্ষণীয়। ৫১.১৯ গড়ে ১৯ হাজার ১৪৭ রান করেছেন। সঙ্গে ৫৮টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ সেঞ্চুরি মালিক তিনি।
ভারতের হয়ে ৩১ টেস্ট খেলা ওয়াসিম জাফর অবশ্য এক যুগ আগে মাশরাফির বলে বোল্ড হওয়ার দৃশ্যটা আর মনে করতে চান না। গত শুক্রবার বিসিবি একাডেমিতে জিম করার পর একান্ত আলাপে বলেছেন, ‘হ্যাঁ, আমি এটা মনে করতে চাই না (হাসি)।’ আবাহনীতে এখন তারই সতীর্থ মাশরাফি।
দুই মাস পরই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন ওয়াসিম জাফর। তিনি বিশ্বকাপে বাংলাদেশ দল ও অধিনায়ক মাশরাফিকে শুভকামনা জানিয়েছেন। মুম্বাইয়ের এ ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে দারুণ সার্ভিস দিয়ে যাচ্ছে মাশরাফি। ও ১৫-১৬ বছর ধরে খেলছে। আমি বিশ্বকাপের জন্য তাকে শুভকামনা জানাই। আমি বাংলাদেশ দলকেও শুভকামনা জানাই। আমি বিশ্বাস করি তাদের যে দল আছে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তারা বিশ্বকাপে বড় দলগুলোকে হতাশা উপহার দিতে পারবে। তাদের শক্তি রয়েছে বড় দলগুলোকে হারিয়ে দেয়ার এবং বড় লক্ষ্যে যাওয়ার। গত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তাদের খেলতে দেখেছি। তাই তাদের সামর্থ্য আছে এটা নিশ্চিত। এখন সঠিক সময়ে জ্বলে ওঠা প্রয়োজন।’
প্রথমবার ঢাকার ক্লাব ক্রিকেটে খেলতে এসেছেন ওয়াসিম জাফর। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা এ অভিজ্ঞ ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগের ভারতের ঘরোয়া ক্রিকেটের মতোই প্রতিদ্বন্দ্বিতা হয় বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই প্রথমবার আমি এখানে খেলতে এসেছি। আমি খুশি এখানে যেভাবে ক্রিকেট খেলা হয়, এটা ভারতের ওয়ানডে ক্রিকেটের মতোই ভালো। প্রতিযোগিতাও বেশ ভালো।’
আবাহনীর দলটা এবার তারকা ক্রিকেটারে ঠাসা। নিজের প্রথম ম্যাচে গত ১৪ মার্চ ব্রাদার্সের বিপক্ষে ৮ রান করেছেন ওয়াসিম জাফর। তবে আবাহনীর পারফর্ম করার পাশাপাশি নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সহযোগিতা করতে চান তিনি। টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির মালিক এ ব্যাটসম্যান বলেছেন, ‘আবাহনী দলটা বাংলাদেশের তারকা ক্রিকেটারে পূর্ণ। এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটাররাও লিগে খেলছে। এটা তরুণদের ভালো খেলতে প্রেরণা যোগাবে। আমি আবাহনীর হয়ে পারফর্ম করতে চাই এবং যদি আমার জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে কোনো সহযোগিতা করা সম্ভব হয়। আমি খুশি হবো তা করতে পারলে।’
শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিদের সময়ে ভারতের হয়ে খেলেছেন ওয়াসিম জাফর। জাতীয় দলে আসা যাওয়ার মাঝে থাকলেও ২০০৮ সালে শেষ টেস্ট খেলেছেন তিনি কানপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরে জায়গা হারিয়েছেন গৌতম গম্ভীরের কাছে।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার গৌরবই ধরা পড়লো তার কণ্ঠে। ওয়াসিম জাফর বলেছেন, ‘ভারতের প্রতিনিধিত্ব করতে পারা বিরাট সম্মানের। যখন ক্রিকেট শুরু করি এটাই আমার স্বপ্ন ছিল। এখন পর্যন্ত ৩০০ ক্রিকেটার ভারতের হয়ে খেলেছে। নিজেকে খুব ভাগ্যবান হিসেবে মনে করি দেশের হয়ে খেলেছি। বিশেষ করে গ্রেট সব ক্রিকেটারের সঙ্গে বেড়ে ওঠা। আমি শচীন টেন্ডুলকারকে দেখে বড় হয়েছি, আমরা একই রাজ্যের। তাই আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। সঙ্গে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, আজহারউদ্দিন, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণরা ছিল। আমি ভাগ্যবান ওই যুগে এ সব গ্রেট ক্রিকেটারদের সঙ্গে খেলেছি এবং ৩০টি টেস্ট খেলেছি ভারতের হয়ে।’
