ধর্মীয় উস্কানির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫তম বারও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি শাহবাগ থানা পুলিশ। এ কারণে প্রতিবেদন দাখিলের দিন ১৬তম বারের মতো পিছিয়ে ১২ মে নতুন দিন ধার্য করে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ দিন নির্ধারণ করেন।
২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়াকে আসামি করে এ নালিশি মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন।
বক্তৃতার একপর্যায়ে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’
