সাত খুন মামলায় ৪ জনকে জেরা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:০৭
 
নারায়ণগঞ্জের সাত খুন মামলার বাদী সেলিনা ইসলাম বিউটিসহ চারজনকে জেরা করা হয়েছে। এছাড়া নতুন আরো ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 
 
সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন এস আই আবু হানিফ, অ্যাডভোকেট প্রীতম কুমার দে, কনস্টেবল কুদ্দুস, এস আই আবু তাহের। একই সঙ্গে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। 
    
মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, মো. মিজানুর রহমান রিপন, ইউসুফ ও এস আই মিজানুর রহমানকে আদালতে জেরা করা হয়।
 
এর আগে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাউন্সিলর নূর হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল আদালতে একটি মামলার হাজিরা শেষে ফেরার পথে চার সহযোগীসহ প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আদালতের কাজ শেষে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার বাড়ি ফেরার পথে লিংক রোডের একই জায়গা থেকে একই সময়ে অপহৃত হন। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা থেকে ছয়জন, পরদিন আরো একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।