শ্রীপুরে অবৈধ দখলদারকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:৩১
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে অবৈধ এক দখলদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার সকালে সরকারি জমি, খাল ও নদী দখল করে মার্কেট এবং ভবন নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালত আজিজুল হকের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে।
 
জানা গেছে, উপজেলার বরিশাট গ্রামের আজিজুল হক কুমার নদের সেতু সংলগ্ন টুপিপাড়া এলাকায় নদীর তীর, মাগুরা-শ্রীপুর প্রধান সড়ক ও মুচিখালী খালের জমি অবৈধভাবে দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মার্কেট ও বহুতল ভবন নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম সরেজমিন পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পায়। তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন।
 
অপর দিকে একই সময় উপজেলার কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে জমির মালিক খামারপাড়া গ্রামের সঞ্জয় সরকারকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে ড্রেজারটি জব্দ করা হয়েছে।