বরিশালের বানারীপাড়া উপজেলায় কান্নার অপরাধে নিষ্পাপ শিশু হাফিজুলকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার বাড়িওয়ালার স্ত্রী বিউটিশিয়ান নূপুর বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রবিবার বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল ইসলামের আদালতে নূপুর বেগম শিশু হাফিজুলকে হত্যার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক দুই শিশু কন্যাসহ তাকে জেল হাজতে পাঠায়।
এরে আগে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নূপুরকে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যে নয় কান্নার শব্দে ঘুমাতে না পারায় রাগের বশবর্তী হয়ে তিনি হাফিজুলকে আছাড় দেন।’
তিনি এ ঘটনায় অনুতপ্ত বলে জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের ঘরে কাঁদছিল শিশু হাফিজুর। কান্নার শব্দে ক্ষিপ্ত হয়ে নূপুর এসে তাকে আছাড় দিলে বুক ও মাথায় আঘাত লাগে। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।
অর্থিক সঙ্কটের কারণে রিপন তার ছেলেকে ঢাকায় নিতে না পেরে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হয়।
