গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৬:৪১
গোপালগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মানিক শেখ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।
 
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মানিকের বড় ভাই লেবু শেখও (৩২) গুরুতর আহত হন। মানিক শেখ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণপাড়া গ্রামের হিরু শেখের ছেলে।
 
সোমবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া  দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত লেবু শেখকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মানিকের বড় ভাই লেবু শেখ অভিযোগ করেন, আমার বাবা হিরু শেখের সঙ্গে তার চাচাতো ভাই বকুল শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সকালে বিবদমান জমির ধান কাটা নিয়ে সালিশ-বৈঠক বসানো হয়। এ সময় উভয় পক্ষের লোকজন বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বকুল শেখ, তার ছেলে মামুন শেখসহ আরো কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত  চিকিৎসক আমার ভাই মানিক শেখকে মৃত ঘোষণা করেন।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।