প্রতিবন্ধী গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৬:৫৩
 
সাভারে শিল্পী আক্তার নামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী মো. শরীফকে (৪০) ফাঁসির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এই রায় দেন।
 
রায়ের বিবরণে বলা হয়, ২০১৪ সালের ৭ জুন ভোররাতে সাভারের জাদুরচর হেমায়েতপুরের বাড়ির শোবার ঘরে ঢুকে স্ত্রী শিল্পী ও শ্যালিকা শিলা আক্তারকে ধারালো কুপিয়ে জখম করেন শরীফ। শিল্পী মারা গেলেও বেঁচে যান শিলা। আহত শিলা নিজেও বাক প্রতিবন্ধী এবং তার স্বামী তরিকুল দণ্ডিত শরীফের ভাই বলে মামলার বিবরণ থেকে জানা গেছে।
 

ঘটনার পর চারজনকে আসামি করে মামলা করেন নিহতের মা সমিরণ বেগম। তবে ওই বছরের ২৮ আগস্ট জমা দেয়া অভিযোগপত্রে সাভার থানার এসআই আবুল কাজী শুধু শরীফকেই আসামি রাখেন।