ফিরল জিদান-ম্যাজিক!

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

রিয়ালে ফিরলেন জিনেদিন জিদান। সাথে ফিরলো পুরনো ম্যাজিক। স্যান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে সেল্টা ডি ভিগোকে রিয়াল হারালো ২-০ ব্যবধানে।  দুঃস্বপ্নের একটা মৌসুম কাটানো রিয়াল স্মরণীয় করে রাখলো জিদানের ফেরাটা।

এই জয়ের ক্ষেত্রটাও অবশ্য জিদানই প্রস্তুত করে দিয়েছেন। আর্জেন্টাইন কোচ স্যান্তিয়াগো সোলারির দলে অনেকটাই অবাঞ্ছিত মার্সেলো ও কেইলর নাভাসকে এবার একাদশে ফিরিয়ে এনেছেন কোচ। সাথে ফিরেছেন ইসকোও। আর ইসকোই তো এবারের জয়ের নায়ক।  ম্যাচের ৬২ মিনিটে এই ইসকোই প্রথমবারের মত প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোল আদায় করে নেন। এর মিনিট ১৫ বাদে ব্যবধান বাড়িয়ে ফেলেন গ্যারেথ বেল।

কোচ জিদান ম্যাচ শেষে মন্তব্য করেছেন যে তিনজনকে তিনি একাদশে পুনরায় ঠাই করে দিয়েছেন, তাদেরকে এড়িয়ে কখনোই একাদশ গড়া যাবে না। তিনি বলেন, ‘এই খেলোয়াড়রা যা করেছেন সেটা ওদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সেটা রিয়ালে তো সম্ভবই না, আমি মনে করি বাইরে কোথাও-ও সম্ভব নয়। আমার স্কোয়াডে যে ২৩, ২৪ বা ২৫ জন খেলোয়াড় আছেন তাদের সবার প্রতিই আমি সমান আস্থা রাখি।’

একাদশে নাভাস ও মার্সেলোকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন গোলরক্ষক থিবাউত কোর্তোয়া ও সার্জিও রেগুলিয়ন। তাদের প্রসঙ্গে জিদান বলেন, ‘থিবাউত ও রেগুলিয়ন এখন অবধি যা করেছে, তা সন্তোষজন। তবে, বাকিদের কথাও মনে রাখতে হবে। কেইলর খুবই ভাল। মার্সেলো ও ইসকোকেও বাদ দেওয়া যায় না। আমাকে সবার কথাই মনে রাখতে হয়। এরা সবাই ভাল খেলোয়াড়।’

পুরনোদের প্রতি আস্থার কোনো কমতি নেই জিদানের। তিনি বলেন, ‘আমি এই খেলোয়াড়দের আগে থেকেই চিনি। ওরা কি করতে পারে সেটা আমার ভাল করেই জানা আছে। তাই ওদের কথা আমার মনে রাখতেই হবে। এই ম্যাচেও আমি ওদের সামর্থ্যের প্রমাণ পেয়েছি।’

কোচ হিসেবে প্রত্যাবর্তনের রেলিগেশনের শঙ্কায় থাকা সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন জিদান। টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী এই কোচ বলেন, ‘আমরা ইতিবাচক ছিলাম। ম্যাচ শেষে ফলাফলটাও তাই ইতিবাচক। আমরা মৌসুম শেষে নিজেদের যে অবস্থানে দেখতে চাই, তার জন্য ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটা ভাল ভাবে শুরু করতে পেরেছি। ম্যাচর প্রথমার্ধে ধৈর্য্য ধরতে পারাটা জরুরি ছিল। সেটা করেছি। দ্বিতীয়ার্ধে ভাল খেলেছি। তাই সব মিলিয়ে আমি সন্তুষ্ট।’