মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ওয়াল্টনের ব্রান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় ৩৭তম প্রথম বিভাগ ভলিবল লিগ। পল্টনস্ত বাংলাদেশ ভলিবল স্টেডিয়ামে এই লিগ চলবে ৪ মে পর্যন্ত। সোমববার এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অন্য কর্মকর্তারা।
ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, 'বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রায় সব ধরণের টুর্নামেন্টেই আমরা পাশে পাই ওয়ালটন গ্রুপকে। ভলিবলকে এগিয়ে নিতে ওয়ালটন গ্রুপ উদ্যোমী ভূমিকা পালন করছে। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, আন্তঃজেলা, জাতীয়, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস ভলিবলেও ওয়ালটন পৃষ্ঠপোষকতা করছে। সে কারণে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। গেল বছরের মতো এবারও ৩৭তম প্রথম বিভাগ ভলিবল লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন গ্রুপ। আশা করব ভবিষ্যতেও তাদেরকে আমরা পাশে পাব।'
পৃষ্ঠপোষক ওয়ালটনের এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, 'প্রিমিয়ার ডিভিশন ভলিবল ও মহিলা ভলিবলের কিছু প্রতিযোগিতা ছাড়া বাকি সবগুলো টুর্নামেন্টের সঙ্গেই ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হচ্ছে। সুবিধাজনক সময়ে ওয়ালটন বিচ ভলিবল ও ভ্যাটার্ন ভলিবল টুর্নামেন্টও সম্পন্ন করব। ভলিবল ইনজুরি মুক্ত খেলা। যেকোনো সময়ে খেলা যায়। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা ওয়ালটন পরিবার চেষ্টা করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা যায় এবং খেলাধুলায় ব্যস্ত রাখা যায় তাহলে মাদকের সংস্পর্শ থেকে তাদের দূরে রাখা যাবে।'
এবারের এই প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নিতে যাচ্ছে ৯টি দল। দলগুলো হলো- বাংলাদেশ জেল, ইস্ট এন্ড ক্লাব, নবজাগরণী সংঘ, উত্তরা স্পোর্টিং ক্লাব, মাদারটেক মিতালী সংঘ, শাহবাগ স্পোর্টিং ক্লাব, সাবলম্বী সোসাইটি ক্লাব, ভাই ভাই সংঘ ও সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব।
এই লিগ থেকে রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। আর দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রথম বিভাগে খেলার। প্রতিযোগিতার একজন সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকষর্ণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
