গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে আরো দুই মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের পৃথক আদালতের বিচারক মেয়র মান্নানের জামিন নামঞ্জুর করেন।
গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই ও মাহবুবা আক্তারের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
আদালত সুত্রে জানা গেছে, গত বছরের ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের আনসার একাডেমি এলাকায় পুলিশের গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় মেয়র মান্নানসহ ২৭ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে কালিয়াকৈর থানার এসআই মো. মনিরুল ইসলাম মামলা দায়ের করেন। সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের আদালতে এ মামলার শুনানি হয়। বিচারক শুনানি শেষে মেয়র মান্নানের জামিন নামঞ্জুর করেন।
এদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের টিএন্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় পেট্রোল দিয়ে বাসে আগুন দেয়া এবং অন্যান্য যানবাহন ভাঙচুরের অভিযোগে অধ্যাপক এমএ মান্নানসহ ৩০ জনের নামে এবং আরো অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে টঙ্গী থানার এসআই মনিরুজ্জামান মামলা দায়ের করেন। সোমবার সকালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এর আদালতে মামলার জামিন শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করে পুলিশ।
