মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করুন: শেখ হাসিনা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৭:৩৩
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য কৃষক লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, কৃষক লীগের নেতা-কর্মীরা কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আরো বেশি আত্মনিয়োগ করবেন। জাতির পিতার ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।’
 

শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদত্ত সোমবার এক বাণীতে এ কথা বলেন।  বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এ-সংগঠনের সকল নেতাকর্মী ও কৃষক সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।