বান্দরবানের ডিমপাহাড় এলাকা থেকে সোমবার অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- আবু বকর (৪০), সাহাব উদ্দিন (২৫) ও আবছার আলী। তাদের বাড়ি আলীকদম উপজেলা সদরে। এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বিকালে থানছি থানার পুলিশ জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দু'জনকে আটক করে। এরপর শনিবার তাদের নিয়ে থানছি ও আলীকদম থানার পুলিশ, স্থানীয় বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়।
আলীকদম থানার ওসি মো. সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
থানছি সদরের ইউপি চেয়ারম্যান মাংসা ম্রো জানান, গত শুক্রবার বিকালে থানছি সদরের জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দুই ব্যক্তি ডিমপাহাড় এলাকায় গরু আছে এবং এসব গরু কেনার জন্য ৩ লাখ টাকা নিয়ে সেখানে যেতে বলেন ওই তিন গরু ব্যবসায়ীকে। তারা শুক্রবার সেখানে যাওয়া মাত্রই তাদের আটক করে গভীর জংগলে নিয়ে যায়। পরে এ সব গরু ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার মিথ্যা আশ্বাসে দুর্বৃত্তরা বিকাশের মাধ্যমে শনিবার সকালে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
