রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী মুজিবুল হক বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে রংপুর রেলস্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী। দাবি আদায়ের লক্ষে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এটিএম মাহবুব-উল-করিম ও রংপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল জব্বারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা আ.ক.ম শামীম খান রাজু, সাংবাদিক নেতা আফতাব হোসেন, আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রবিউল হোসেন সরকার বাবলু, সংস্কৃতিকর্মী মাহমুদুন নবী বাবলু, আওয়ামী লীগ নেতা রফিকুল আলম, রাসেল সরকার রুকুল, আব্দুল গনি দুলাল, নাসিম আহমেদ সনু, আব্দুল্লাহ খান নান্নু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাজাদা আরমান, যুবদল নেতা আব্দুল মতিন, মাহমুদুল হাসান রানা, ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রুবেন,জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি ওসমান গনি, ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রুবেন, জাসদ ছাত্রলীগ নেতা এহতেশাম জেমী, সুমন আহমেদ, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, শ্রমিক নেতা আরমান হোসেন, ব্যবসায়ী জাকির হোসেন টিটু, সাদ্দাম হোসেন বিপ্লব প্রমুখ।
