চেলসিতেই থাকছেন হ্যাজার্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:২৩
রিয়াল মাদ্রিদ না পিএসজি, কোথায় যাবেন এডেন হ্যাজার্ড। এ নিয়েই চলছিলো গুঞ্জন। তবে এবার সব গুজবে পানি ঢেলে দিলেন বেলজিয়ান উইঙ্গার! পরবর্তী মৌসুমে তিনি চেলসিতেই থাকতে চান বলে অ্যান্তোনিও কন্তেকে জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড।
 
নতুন কোচের অধীনে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ‍মুখিয়ে আছেন হ্যাজার্ড। সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল কিংবা পিএসজিতে যোগ দেওয়া ব্যাপারেও নাকি চেলসি তারকার কোনো ইচ্ছা নেই। কন্তেও হ্যাজার্ডকে রাখতে পেরে খুশি এবং পিএসজি থেকে হাভিয়ের পাস্তোরেকে দলে টানতে চাইছেন এ ইতালিয়ান কোচ।
 
গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন হ্যাজার্ড। তবে নতুন মৌসুম আসতেই যেন তিনি নিজেকে হারিয়ে খোঁজেন। এখন পর্যন্ত ২৩টি লিগ ম্যাচে গোলের দেখা না পাওয়াটা তো সেটিই প্রমাণ করে।