দুই বছর পর আবার স্কুল ভলিবল শুরু আজ

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:০৯

 স্পোর্টস রিপোর্টার

পানামা গ্রুপ ঢাকা মহানগরী স্কুল ভলিবল আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে বিকাল তিনটায়। বালক বিভাগে ২২টি এবং বালিকা বিভাগে ১২টি দল অংশগ্রহণ করছে। ৯৩ সালে শুরু হয়েছিল স্কুল বালিকা ভলিবল এবং ৯৫ সালে শুরু হয় বালক স্কুল ভলিবল। এই দুটোই সব সময় অনিয়মিত হয়ে আসছিল। আর ২০১৬ সালের পর দুইটোই আলোর মুখ দেখেনি। আশার কথা হচ্ছে এটিকে নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে। ভলিবল ফেডারেশন এখন হতে নিয়মিত ভাবে স্কুল ভলিবল আয়োজন করতে চায় জানিয়ে কাল দুপুরে বিওএতে সংবাদ সম্মেলন করে জানিয়েছে।

এবারের টুর্নামেন্টের পর খেলোয়াড়দের বাছাই করে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য তৃতীয় বিভাগ ভলিবল লীগের আয়োজন করতে চায় ফেডারেশন। গতকাল কর্মকর্তারা জানিয়েছেন ফেডারেশন হতে দুই মাস আগে স্কুলে স্কুলে নেট এবং বল পাঠানো হয়েছিল প্রশিক্ষণের জন্য। তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেন কর্মকর্তারা।