চুয়াডাঙ্গায় নৈশকোচ-আলমসাধু সংঘর্ষে ১১জন আহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৭:৫৯
গতকাল সোমবার রাত প্রায় ১০টার সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাপুর বাজার চৌরাস্তার মোড় নামক স্থানে ঢাকাগামী নৈশকোচ ও আলমসাধুর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আলমসাধুর ১১ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে এক নারী ও এক শিশুসহ ৫ জনের অবস্থা গুরুতর। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত নারী ও শিশুর পা কেটে ফেলতে হয়েছে।
জানা যায়, ঘটনার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ চুয়াডাঙ্গার ভালাইপুর বাজার চৌরাস্তার মোড়ে যাত্রী বোঝায় একটি আলমসাধুকে চাপা দিলে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রাত সাড়ে ১০টার সময় আহতদের চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসার স্বার্থে আহত নারী ও শিশুর পা ফেলে। নারী ও শিশুসহ আহত ৫ জনের অবস্থা গুরুতর।
চিকিৎসার স্বার্থে হাসপাতালের জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে কাউকে প্রবেশ করতে না দেওয়ায় আহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয় নি। এদিকে, মধ্যরাতে এই রিপোর্ট  লেখার সময় পর্যন্ত হাসপাতালে আহতদের কোন স্বজন-শুভাকাংক্ষীকে পাওয়া যায় নি।