পঞ্চগড়ে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের কবির হোসেনের পুত্র আলমগীর (১৭) এই ধর্ষণে জড়িত বলে শিশুটির পরিবার জানিয়েছে। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর গত রবিবার দুপুরে ওই শিশুটিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি রক্ত পায়খানা এবং বমি করে। পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আলমগীরের বিষয়টি জানায়। গতকাল সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. শরিফুল ইসলাম সেক্সচুয়াল অ্যাসল্ট হিসেবে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বীকার করে তিনি জানান, শিশুটি রক্ত পায়খানা এবং বমি করেছিল। বর্তমানে তার ব্যাথা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
খবর পেয়ে রাতে পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তিনি জানান, ধর্ষণের সত্যতা রয়েছে। শিশুটির অভিভাবক অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
