তথ্যপ্রযুক্তি ডেস্ক
বাংলাদেশ থেকে যারা গতকাল গুগলের হোম পেজে প্রবেশ করেছেন, তারা হোম পেজটি একটি আলাদা সাজে দেখতে পেয়েছেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘চিলড্রেনস ডে ২০১৯’ নামে ওই ডুডল প্রদর্শন করছে সার্চ জায়ান্ট গুগল। ওই ডুডলে গুগল লেখাটিতে শিশুদের নানা রঙিন অ্যানিমেশন হিসেবে তুলে ধরা হয়েছে। ফুল, চারা, পোকার ব্যাকগ্রাউন্ডে শিশুরা খেলছে, পড়ছে, আনন্দে মেতে আছে—এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
ডুডলটিতে ক্লিক করা হলে শিশু দিবসের একটি সার্চ পাতায় নিয়ে যাচ্ছে গুগল, যাতে প্রথম আলোর ইংরেজি সংস্করণের একটি খবরের তথ্যকে শুরুতেই তুলে ধরা হয়েছে। ওই খবরে গতকাল বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে।
অবশ্য এটি শুধু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বলে গুগলের ডুডল পেজে দেখানো হয়েছে। বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল। ৮ মার্চ নারী দিবসেও বিশেষ ডুডল প্রকাশ করেছিল গুগল। এছাড়াও বাংলাদেশের মহান ব্যক্তিদের জন্ম ও মৃত্যু দিবসে গুগল বিশেষ ডুডল দেখা যায়। উল্লেখ্য, গতকাল দেশে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। সরকার, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’।
কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রন্থমেলা ইত্যাদি। সারা দেশেই এসব কর্মসূচি উদযাপিত হবে।
