আরিফুর রহমান
ই-কমার্স দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করছে। ই-কমার্স বা ডিজিটাল শিল্পকে সুন্দর করে গড়ে তুলতে আমাদের চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে ইন্টারনেট, লেনদেনের ব্যবস্থা, ডেলিভারি সুবিধা ও বিশ্বাস। ই-কমার্সে ব্যবসা করতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে। পণ্যটি আসবে, যা অর্ডার করা হয়েছে তা ঠিক আছে কিনা। এছাড়া পণ্যের মানও ঠিক রাখতে হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ই-কমার্সের সুবিধা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা যে ব্যবসার কথাই চিন্তা করি না কেন প্রযুক্তিকে বাদ দিয়ে সে ব্যবসার উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমানে প্রায় ২ হাজারের মতো উদ্যোক্তা ই-কমার্স নিয়ে কাজ করছে। সোশ্যাল মিডিয়াও আজকাল ই-কমার্স হিসেবে ব্যবহূত হচ্ছে। এখন শুধু ছবি শেয়ার করা কিংবা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। এটা মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাকেও কিন্তু বেগবান করছে।’
সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে ব্যবহার করব, সেটা নির্ভর করছে ব্যবহারকারীর ওপর। আমরা ইচ্ছা করলে ভালো কাজেও ব্যবহার করতে পারি। সেটা শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য কাজে বা সমাজ বিরোধী কাজে ব্যবহার করতে পারি। কিংবা অন্য কাউকে ক্ষতি করতেও সেটা ব্যবহূত হচ্ছে । আইসিটি বিভাগ তরুণ উদ্যোক্তা সৃষ্টি করতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এবং তরুণ উদ্যোক্তারা যেন সঠিক ভাবে তাদের আইডিয়া কাজে লাগাতে পারে সেজন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় ২৮টি হাইটেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে বলেও জানিয়েছেন পলক।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা নিজেদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী হিসেবে মনে করবেন না, আমাদের স্বপ্ন বড় থাকতে হবে। কিভাবে ব্যবসাকে আরও প্রসারিত করা যায় সেই চিন্তা থাকতে হবে। আপনাদের ই-কমার্স সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সরকার প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক মো. মোশতাক হাসান, মানতাশা আহমেদ প্রমুখ।
