নতুন প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি এশিয়া কাপ ও টোয়েন্টি-২০ বিশ্বকাপে দলের ভরাডুবি নিয়ে শঙ্কায় থাকা পিসিবি’র পুরো ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত থেকেই এই নিয়োগ। ব্যর্থতার দায় নিয়ে টি২০ বিশ্বকাপের পরে দলের প্রধান কোচের দায়িত্ব থেকেও সড়ে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস।
নতুন পদে যোগদানের উদ্দেশ্যে ৪৬ বছর বয়সী ইনজামাম রবিবার আফগানিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ান। যদিও তার মেয়াদকাল সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এ সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণে ইনজামাম রাজি হয়েছেন এবং তাকে ছাড়ার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি।
আফগানিস্তানের কোচ হিসেবে ছয় মাসের মেয়াদে ইনজামামের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত আফগানরা জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ও ওয়ানডে সিরিজ জয় করে চমক দেখায়। প্রথমবারের মতো টোয়েন্টি ২০ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। যেখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
ইনজামামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক কমিটির অপর সদস্যরা হলেন-সাবেক স্পিনার তওসিফ আহমেদ, অল রাউন্ডার ওয়াসিম হায়দার ও ওপেনার ওয়াহাতুল্লাহ ওয়াস্তি। এই কমিটির প্রথম দায়িত্ব হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য দল নির্বাচন করা। আগামী জুলাইতে চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ খেলতে দীর্ঘদিন পরে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান।
সাবেক ব্যাটসম্যান হারুন রশীদের স্থলাভিষিক্ত হবার পরে ইনজামাম বলেছেন, দেশের ক্রিকেটকে টেনে তোলার জন্য তিনি নিজের সেরা কাজটাই করার চেষ্টা করবেন। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য কিছু করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। অধিনায়ক হিসেবে এর আগে আমি যেভাবে নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি এবারও তার ব্যতিক্রম হবে না।
টি-টোয়েন্টি ব্যর্থতায় ওয়াকার ইউনুসের পদত্যাগের পরিপ্রেক্ষিতে চলতি মাসের শেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করতে পারে পিসিবি।-বাসস।
