পিরোজপুরে বন্ধুদের প্রহারে আহত কিশোরের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:৩৮
পিরোজপুর জেলায় তিনদিন আগে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের বেদম প্রহারে আহত কিশোর কাইয়ুম শেখ (১৭) সোমবার রাতে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কাইয়ুম শহরতলীর কুমারখালী এলাকার শ্রমজীবী ইউনুস শেখের ছেলে। সে পিরোজপুর টাউন স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে।
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল পাঁচটার দিকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের বৈশাখী মেলা থেকে বন্ধুরা তাকে ডেকে অদূরে টাউন স্কুলের পূর্ব পার্শ্বের গলিতে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এরপর তারা কাইয়ুমকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আড়াইটার দিকে কাইয়ুম মারা যায়।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের অভিভাবকরা খুলনা থেকে আসার পর দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা নেয়া হবে।’