জাল দলিল তৈরি করে সম্পত্তি আত্মসাতের ঘটনায় করা দুদকের মামলায় মনিরুল হক নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে দুদকের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।হোমনা উপজেলার ছোট ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা।
দুদক জানায়, জাল দলিল তৈরি করে ৭৫.৫০ শতক জমি আত্মসাৎ করার ঘটনায় ২০১৫ সালের ৩০ জানুয়ারি হোমনা থানায় মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম। পরে তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
দুদক কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারের পর তাকে কুমিল্লায় আনা হয়েছে। বিকালের মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে।
