শৈলকুপায় ভুয়া চিকিৎসকের অর্থদণ্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:৫৬
ঝিনাইদহের শৈলকুপা উপাজেলায় গৌতম অধিকারী নামে এক ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা শহরের করিবপুরে স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
পরে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ওই ক্লিনিক সিলগালা করে দেয়া হয়।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আই কামাল হোসেন জানান, দীর্ঘ ৪ বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে। তিনি মাগুরা জেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা।